রাণীশংকৈলে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের একদিন পর লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে মুরসালিন (১৫) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রকে আটক করা হয়েছে। নিহত লামিয়া উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসার ডাঙ্গী গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার বিকেল থেকে লামিয়া নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

স্থানীয়রা জানান, একই গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মুরসালিন প্রায়ই শিশুটির সঙ্গে খেলাধুলা করত। বুধবার বিকেলেও তাকে লামিয়ার সঙ্গে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। পরে সন্ধ্যা হয়ে গেলেও শিশুটি বাড়িতে না ফেরায় স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার সকালে মুরসালিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে শিশুটিকে হত্যার কথা স্বীকার করে বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মুরসালিন নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত মুরসালিনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • মরদেহ
  • রাণীশংকৈল
  • শিশু