ভারতের উত্তর প্রদেশে প্রবল বৃষ্টি ও ঝড়ে ৮৯ জনের মৃত্যু

লেখক: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১ ঘন্টা আগে

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও বজ্রপাতে ৮৯ জন নিহত হয়েছেন। বুধবার প্রাণহানির এ ঘটনা ঘটে। সরকারি সূত্র জানায়, ভাদোহিতে অন্তত ১৬ জন, ফতেহপুরে ৯ জন, বুদাউনে ৫ জন, চন্দৌলিতে ২ জন এবং সোনভদ্র জেলায় ১ জন প্রাণ হারিয়েছেন। রাজ্যটির ভাদোহি, ফতেহপুর ও বুদাউনসহ পাঁচটি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ছিল প্রয়াগরাজ, যেখানে ২১ জন প্রাণ হারান। সন্ত রবিদাস নগরে ১৪ জন, ফতেহপুরে ১১ জন এবং মির্জাপুরে ১০ জনের মৃত্যু হয়।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অসময়ের বৃষ্টি, বজ্রঝড় এবং বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

ভাদোহির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার মৌর্য বলেছেন, বিভিন্ন এলাকা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

তিনি বলেন, ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় পুনরুদ্ধার ও উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। মহকুমা ম্যাজিস্ট্রেট, তহসিলদার, অন্যান্য জেলা কর্মকর্তা ও পুলিশ জেলার তিনটি তহসিল জুড়েই পরিদর্শন ও ত্রাণকার্য পরিচালনা করছেন।

  • উত্তর প্রদেশ
  • ঝড়
  • ভারত
  • মৃত্যু