প্রতীকী ছবি
নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের গুলিতে অনিক মিয়া (২৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ছাড়া একই ঘটনায় রাজু (৩০) ও মোস্তফা কামাল (৩৭) নামে দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৬ জুন) ভোরে রায়পুরা থানার দড়িগাঁও ও হরিপুর বাজার এলাকায় এই পৃথক হামলার ঘটনা ঘটে। নিহত অনিক মিয়া রায়পুরা থানার নীলিক্ষা গ্রামের ওসমান মিয়ার ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
জানা যায়, আজ ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে অনিক রায়পুরার দড়িগাঁও এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় বিবাদী হান্নান, জবা মেম্বার ও আবেদ আলীসহ কয়েকজন তাদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা অনিকের মাথার পেছনে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় অনিককে উদ্ধার করে সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এই সহিংসতার সূত্র ধরেই আজ ভোর সাড়ে ৫টার দিকে রায়পুরার হরিপুর বাজারের ভেতরে আরও দুজনকে গুলি করে। স্বজনরা তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সকাল ১০টা ২০ মিনিটের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নরসিংদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন এবং বাকি দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও অপরাধীদের আটকে অভিযান শুরু হয়েছে।
