মৌলভীবাজারের বড়লেখায় বিশেষ অভিযানে নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠনে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. রাহেদ হোসেন মাহেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বড়লেখা উপজেলার দুর্গম বোবারথল ষাইটঘরি এলাকার একটি টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
পুলিশ শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনার বিষয়ে গত ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহ’- এর সদস্য রাহেদ হোসেন মাহেদ সীমান্ত অতিক্রম করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। রাহেদ হোসেনের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার দশঘর এলাকায়।
পুলিশের দাবি, তিনি কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের তদন্তাধীন একটি মামলার আসামি। মামলাটি ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উগ্রবাদী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া রেড অ্যালার্ট জারির পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন এবং সম্প্রতি অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, গোপন তথ্যসূত্রের ভিত্তিতে অভিযান চালানো হয়। প্রায় ১২ ঘণ্টাব্যাপী অভিযানের একপর্যায়ে তাকে গ্রেপ্তার সম্ভব হয়। অভিযানের সময় আসামি রাহেদ হোসেন একাই ছিলেন।
