শাহ আলী মাজারে হামলা, প্রতিবাদে যুক্তফ্রন্টের বিক্ষোভ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩৪ minutes ago

রাজধানীর মিরপুরে শাহ আলী বোগদাদি (রহ.)-এর মাজারে হামলার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট মিরপুর শাখা। শুক্রবার (১৫ মে) মাজার প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে বাম রাজনৈতিক নেতারা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, দেশে বারবার মাজার, দরগাহ ও খানকা শরিফসহ বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মীয় স্থাপনায় হামলার ঘটনা ঘটলেও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ ও বিচার নিশ্চিত না হওয়ায় এসব ঘটনা অব্যাহত রয়েছে।

তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি এবং রাজনৈতিকভাবে কিছু উগ্র গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়ার কারণেই তারা ক্রমশ বেপরোয়া হয়ে উঠছে। এই ধরনের পরিস্থিতি দেশের সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য হুমকি।

সমাবেশে আরও বলা হয়, শাহ আলী মাজারে হামলা শুধু একটি ধর্মীয় স্থাপনার ওপর আঘাত নয়, বরং এটি দেশের বহুত্ববাদী সংস্কৃতি, সহাবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর আঘাত।

বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য রাশেদ শাহরিয়ার, বাসদের মিরপুর অঞ্চলের নেতা নাসির উদ্দীন প্রিন্স, সিপিবি নেতা রিয়াজ উদ্দিন প্রমুখ।

এর আগে বৃহস্পতিবার (১৪ মে) রাতে কিছু লোক লাঠিসোটা নিয়ে মাজারে থাকা লোকজনের ওপর হামলা চালায়। কিছু লোক লাঠি দিয়ে মাজারে থাকা লোকজনকে মারধর করে বের করে দিচ্ছে। রাতে হঠাৎ করে প্রায় ৭০-৮০ জনের একটি দল মাজারে ঢোকে। তাদের হাতে লাঠি ও পাইপ ছিল। ওই দলটি মাজারে ঢুকেই মুরিদ ও জিয়ারতারীসহ সবাইকে মারধার করে  এবং মাজার থেকে বের করে দেয়।

  • প্রতিবাদ
  • বিক্ষোভ
  • শাহ আলী মাজার
  • হামলা