কলকাতা বিমানবন্দরের কাছে ৮ বাংলাদেশিসহ গ্রেপ্তার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩০ minutes ago

কলকাতা বিমানবন্দর সংলগ্ন নিমতা এলাকা থেকে ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশি এই নাগরিকদের আশ্রয় দেয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এক ভারতীয় নাগরিককেও। রোববার নিমতা থানার পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশ এবং জাল ভারতীয় পরিচয়পত্র তৈরির অভিযোগে ওই ৮ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানানো হয়, রোববার নিমতা থানার গোলবাগান এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করে নিমতা থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ওই ব্যক্তি নিজের বাংলাদেশি পরিচয় স্বীকার করেন। নিমতার ফতুল্লাপুর এলাকায় একাধিক বাংলাদেশি নাগরিকের অবৈধভাবে থাকার তথ্য দেন তিনি।

এরপর রোববার স্থানীয় সময় গভীর রাতে ফতুল্লাপুর এলাকায় অভিযান চালিয়ে কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি শাহিদুল ইসলাম নামে এক ভারতীয় নাগরিককেও গ্রেফতার করা হয়েছে। শাহিদুলের বিরুদ্ধে অভিযোগ, টাকার বিনিময়ে তাদের আশ্রয় দিয়েছিলেন তিনি। গ্রেপ্তারকৃতদের ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে।

পুলিশের দাবি, ধৃতরা জেরায় স্বীকার করেছে যে দালালদের টাকা দিয়ে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। পরে তারা শাহিদুল ইসলামের ফতুল্লাপুরের বাড়িতে থাকছিল।

অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে একাধিক ভারতীয় নথি উদ্ধার হয়েছে বলে দাবি পুলিশের। এর মধ্যে রয়েছে আধার কার্ড, প্যান কার্ড, ডেবিট কার্ড এবং জন্মসনদ। এ ছাড়াও বাংলাদেশে কোভিড টিকার সনদপত্রও উদ্ধার হয়েছে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকরা হলেন-সুমন গাইন, বাহারুল মণ্ডল, আব্দুল রহমান সরদার, রিয়াজ মণ্ডল, ইলিয়াস সরদার, জাহারা বিবি, আনোয়ারা বিবি ও সুমি বিবি।

পুলিশ জানিয়েছে, তাদের ভারতে অনুপ্রবেশের বিষয়টি খতিয়ে দেখতে গ্রেপ্তারকৃতদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

 

  • কলকাতা
  • গ্রেপ্তার
  • বাংলাদেশি