আটলান্টিকে প্রমোদতরীতে বিরল ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

আটলান্টিক মহাসাগরে এমভি হন্ডিয়াস নামের একটি বিলাসবহুল প্রমোদতরীতে শনাক্ত হয়েছে বিরল ও প্রাণঘাতী হান্টাভাইরাসের সংক্রমণ। এরই মধ্যে রহস্যজনক হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ফলে প্রমোদতরীর অসুস্থ হয়ে পড়া যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর বিবিসির।

এই পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জরুরি সতর্কতা জারি করেছে, আর সম্ভাব্য সংক্রমণ ঠেকাতে শুরু হয়েছে ব্যাপক তদন্ত ও সমন্বিত পদক্ষেপ।

প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা থেকে কেপ ভার্দেগামী এমভি হোনডিয়াস জাহাজে একজনের শরীরে ভাইরাসটি নিশ্চিতভাবে পাওয়া গেছে এবং আরও অন্তত পাঁচ যাত্রী আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।

ডব্লিউএইচও জানায়, আক্রান্ত ছয়জনের মধ্যে তিনজন মারা গেছেন এবং একজন বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।

স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন এমভি হন্ডিয়াস নামের ওই প্রমোদতরীতে সম্ভাব্য এই ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে তদন্ত করছে। প্রমোদতরীটি আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে কেপ ভার্দের উদ্দেশে যাচ্ছিল।

সংস্থাটি জানায়, বিস্তারিত তদন্ত চলছে, যার মধ্যে ল্যাবরেটরি পরীক্ষা ও মহামারিবিদ্যাগত বিশ্লেষণও অন্তর্ভুক্ত রয়েছে। যাত্রী ও ক্রুদের চিকিৎসা ও সহায়তা দেয়া হচ্ছে এবং ভাইরাসের জিনগত বিশ্লেষণও চলমান রয়েছে।

ডব্লিউএইচও আরও জানায়, আরও দুই যাত্রীর মধ্যে উপসর্গ দেখা দিয়েছে এবং তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দেশের মধ্যে সমন্বয় করা হচ্ছে।

প্রসঙ্গত,  হান্টাভাইরাস ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে মানুষের শরীরে সংক্রমিত হওয়া একটি বিরল রোগ। এটি সংক্রমিত ইঁদুরের মল বা মূত্রের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। গুরুতর ক্ষেত্রে এটি প্রাণঘাতী হতে পারে এবং রক্তক্ষরণজনিত জ্বরের কারণ হতে পারে।

 

  • আটলান্টিক
  • প্রমোদতরী
  • বিরল
  • ভাইরাস
  • মৃত্যু