নেত্রকোনার দুর্গাপুরে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন উপজেলা যুবলীগের নেতা ওয়াহিদুল মৃধা ওরফে কেলিস (৩৮)। শনিবার রাত পৌনে নয়টার দিকে দুর্গাপুর পৌর সদরে তেরি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে তেরী বাজার এলাকার নূর মোহাম্মদ, মাজেদুল ইসলাম, নূরুন্নাহার বেগমসহ সাতজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
এলাকাবাসী জানায়, তেরী বাজারের লন্ড্রি ব্যবসায়ী মজিবুর রহমানের ছেলে নূর মোহাম্মদ বেশ কিছুদিন ধরে মাদকাসক্ত। পূর্ব বিরোধের জেরে ওয়াহিদুল মৃধার ওপর শনিবার রাতে তিনি অতর্কিত হামলা চালান। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে গুরুতর আহত হন ওয়াহিদুল। উদ্ধার করে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ রোববার ভোরে অভিযান চালিয়ে নূর মোহাম্মদকে নেত্রকোনা শহরের মালনী ও মাজেদুল ইসলাম, নূরুন্নাহার বেগমকে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করে। ওয়াহিদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
দুর্গাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ জানান, এ ঘটনার সাতজনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মামলা করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
