দিল্লিতে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৯

লেখক: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে
ছবি :সংগৃহীত

দিল্লির বিবেক বিহার এলাকায় আজ রোববার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। চারতলা একটি আবাসিক ভবনে আগুন লাগার এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগ সূত্রে জানা গেছে, ভবনটির দ্বিতীয় তলায় স্থানীয় সময় ভোর প্রায় ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে একে একে ১৪টি ফায়ার টেন্ডার পাঠানো হয়। উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু হলে দেখা যায়, আগুন ইতিমধ্যে তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। আগুনে আহত ব্যক্তিদের দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও চিত্রে দেখা গেছে, ভবনের বহু অংশ পুড়ে গেছে এবং ওপরের তলা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছিল।

শাহদারা জেলা পুলিশের উপকমিশনার (ডিসিপি) রাজেন্দ্র প্রসাদ মীনা জানিয়েছেন, ‘ভোর প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। এরপর তল্লাশি অভিযান শুরু করা হয়।’

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থল থেকে সব মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • অগ্নিকাণ্ড
  • দিল্লি
  • নিহত