চট্টগ্রামে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

চট্টগ্রামের আনোয়ারায় বোনের বাসায় যাওয়ার পথে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দুই দফায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গত সোমবার (২৭ এপ্রিল) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা এলাকার হাড়িয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য মতে, সোমবার রাতে উপজেলার রায়পুর এলাকার আবু তাহেরের (৪২) মুদি দোকানের সামনের পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে একা পেয়ে জোর করে ধরে নিয়ে দোকানের ভেতর নিয়ে যায় এই দোকানি। সেখানে প্রথমবার ধর্ষণের শিকার হয় ভুক্তভোগী কিশোরী। পরে দোকান থেকে বের করে পাশের একটি বিলে নিয়ে গিয়ে এই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। শুক্রবার (১ মে) রাতে আনোয়ারা থানায় মামলাটি গ্রহণ করা হয়। মামলার আসামিরা হলেন রায়পুর এলাকার আবু তাহের (৪২), পূর্ব গহিরার রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মো. ফারুক (২৩) এবং আনোয়ার হোসাইন (২২)।

ধর্ষণের শিকার ভুক্তভোগী কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফরেনসিক বিভাগে বা ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ফরেনসিক পরীক্ষা করা হয়। বর্তমানে এই কিশোরী নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তবে মামলা হওয়ার ৪৮ ঘণ্টা পরেও পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারেনি।

এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক আছে। তাদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে। অভিযুক্তদের সাথে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

  • কিশোরী
  • চট্টগ্রাম
  • ধর্ষণ
  • সংঘবদ্ধ