রাজধানীর বিমানবন্দর এলাকায় চলন্ত গাড়িকে ধাক্কা দিয়ে চালককে বিভ্রান্ত করে অভিনব কায়দায় ৩০ লাখ টাকা মূল্যের গার্মেন্টস কাপড় লুটের ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে ডিএমপির উত্তরা বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পারভেজ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মুন্না হাসান (৩২), মো. আবু হাসান (৩৪), মো. গোলাম মোস্তফা (২৯), মো. রাজিব আলী দেওয়ান (৩৪) ও মো. ইব্রাহিম হক (৩০)। একইসঙ্গে লুট হওয়া কাপড় ও বহনকারী কাভার্ডভ্যান উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘গত ৩০ এপ্রিল চায়না থেকে আমদানিকৃত বিদেশি কাপড়ের ৯০টি রোল নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার পথে রওনা দেন মাহমুদুল হাসান। পরে গত ১ মে ভোরে বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌঁছা মাত্র অজ্ঞাত গাড়ি ধাক্কা দেয়। ধাক্কা দেয়া গাড়িকে আটকাতে গেলে কাপড় ভর্তি কাভার্ডভ্যান রহস্যজনকভাবে চুরি হয়ে যায়।’
এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৩ মে বিমানবন্দর থানায় মামলা দায়ের করেন। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে পুলিশ। পরে একইদিন রাতে ঢাকার দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মুন্না হাসান, আবু হাসান, গোলাম মোস্তফা ও রজব আলীকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পরদিন ভোরে ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রজব দেওয়ানের বাসা থেকে চুরি হওয়া ৯০টি ফেব্রিক্সের রোল উদ্ধার করা হয়। এছাড়া চুরি হওয়া কাভার্ডভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত আরেকটি কাভার্ডভ্যানও উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
