ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এক ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চারাবোঝাই একটি ট্রাকের পেছনে মাছভর্তি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর পাঁচটার দিকে এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন মাছবোঝাই ট্রাকের চালক শামিম মিয়া (৩০)। তিনি যশোর কোতোয়ালি থানার চাচড়া এলাকার বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ট্রাকটির হেলপার হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া গুরুতর আহত দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল খান জানান, ভোর পাঁচটার দিকে আতাতি ফ্লাইওভারের শুরুতে ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি মাছ বোঝাই ট্রাক এসে দ্রুত গতিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত দুজনই মাছবোঝাই ট্রাকের চালক ও হেলপার। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ দুটি ট্রাক জব্দ করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গত তিন দিনে একই মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ মোট ছয়জনের প্রাণহানি হয়েছে।

  • এক্সপ্রেসওয়ে
  • ট্রাক
  • নিহত
  • ভাঙ্গা