প্রতীকী ছবি
যশোরের ঝিকরগাছার কীর্তিপুর এলাকায় মিম (৩৫) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) ভোরে বাড়ির পাশেই যশোর-বেনাপোল মহাসড়ক সংলগ্ন একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কীর্তিপুর মোড় এলাকার মশিয়ার রহমান ওরফে মশির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২০ মে) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার পর রাতভর নিখোঁজ ছিলেন মিম। বৃহস্পতিবার ভোরে বাড়ির অদূরে মহাসড়কের পাশের একটি বাঁশবাগানে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের স্ত্রী নিলা খাতুন জানান, তিনি একই গ্রামের বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। পরে রাতে শ্বশুরবাড়িতে যাওয়ার কথা থাকলেও মিম সেখানে যাননি। এরপর একাধিকবার ফোন করা হলেও তিনি আর কল রিসিভ করেননি। মিমের কয়েকজন বন্ধুর সঙ্গে বিরোধ ছিল। তার ধারণা, পূর্ব বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসান জানান, নিহতের মাথার পেছনে ধারালো অস্ত্রের গভীর কোপের চিহ্ন রয়েছে। আঘাতের তীব্রতায় মাথার ঘিলুও বেরিয়ে গেছে। হত্যাকাণ্ডের ধরণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রেখে যায়। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।
