মালদ্বীপের একটি প্রবালদ্বীপের নিখোঁজ চার ইতালীয় ডুবুরির মরদেহের সন্ধান পাওয়া গেছে। নিখোঁজ হওয়ার চার দিন পর তাদের মরদেহের অবস্থান নিশ্চিত করা হয়।
মালদ্বীপ সরকারের বরাতে দ্য গার্ডিয়ান সোমবার (১৮ মে) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, ফিনল্যান্ডের তিনজন বিশেষজ্ঞ ডুবুরি, মালদ্বীপ পুলিশ ও সামরিক বাহিনীর সহায়তায় গুহার ভেতরের গভীর অংশে মরদেহগুলো খুঁজে পাওয়া যায়।
সরকারি মুখপাত্র আহমেদ শাম বলেন, ধারণা অনুযায়ী মরদেহগুলো গুহার গভীরতম অংশে পাওয়া গেছে। গুহার তৃতীয় স্তরে চারজনের মরদেহ প্রায় পাশাপাশি অবস্থায় ছিল। তিনি আরও জানান, মঙ্গলবার দুটি মরদেহ উদ্ধার করার চেষ্টা করা হবে এবং পরদিন বাকি দুটি মরদেহ উদ্ধারের পরিকল্পনা রয়েছে। এর আগে গুহার বাইরে পঞ্চম ইতালীয় নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি ছিলেন একজন ডাইভিং প্রশিক্ষক।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভাভু অ্যাটলের একটি গুহায় প্রায় ৫০ মিটার গভীরে অনুসন্ধানে নেমেছিলেন পাঁচজন। অথচ মালদ্বীপে বিনোদনমূলক ডাইভিংয়ের অনুমোদিত গভীরতা সর্বোচ্চ ৩০ মিটার।
