আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৫ জেলায় বিজিবি মোতায়েন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
ছবি: সংগৃহীত

আগামীকাল ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সহিংসতার শঙ্কায় দেশের পাঁচ জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সোমবার (২২ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। জেলাগুলো হলো- কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে কক্সবাজার, মাদারীপুর, শেরপুর, গাজীপুর ও মৌলভীবাজার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আজ সোমবার সন্ধ্যা থেকে ৩০ জুন পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবে। এছাড়া দেশের অন্যান্য জেলাগুলোতে প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিকভাবে মোতায়েনের লক্ষ্যে বিজিবি সদস্যরা স্ট্যান্ডবাই থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড এবং বেআইনি তৎপরতার আশঙ্কায় ঢাকা মহানগরীসহ দেশের তিনটি মহানগর ও তিনটি জেলায় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সরকার।

সেনাবাহিনী মোতায়েনের জন্য নির্ধারিত জেলাগুলো হলো—ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলা।

  • আ.লীগ
  • প্রতিষ্ঠাবা‌র্ষিকী
  • বিজিবি
  • মোতায়েন