বাংলাদেশে নতুন অর্থবছরে ৪.৬ শতাংশ প্রবৃদ্ধির আভাস বিশ্বব্যাংকের

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

আগামী অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। একই পূর্বাভাসে শেষ হতে যাওয়া ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি আগের দেওয়া আভাসের চেয়ে আরও কমার আশঙ্কা প্রকাশ করেছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।

ইরান যুদ্ধের প্রভাবকে এর বড় কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ২০২৬-২৭ অর্থবছরে প্রবৃদ্ধির যে প্রত্যাশা প্রকাশ করেছেন সেটির চেয়ে বিশ্ব ব্যাংকের পূর্বাভাস ১.৯ শতাংশীয় পয়েন্ট কম। ছয়মাস আগের পূর্বাভাসের চেয়ে এবার তা আরও কমানো হয়েছে।

অর্থনীতিতে নানামুখী সংকটের মধ্যেও আগামী অর্থবছরের জন্য ৬.৫ শতাংশ প্রবৃদ্ধির আশা করছেন অর্থমন্ত্রী; যেখানে শেষ হতে যাওয়া অর্থবছরে সাময়িক হিসেবে বাংলাদেশের অর্থনীতি ৪ দশমিক ১৪ শতাংশ হারে বৃদ্ধির প্রাক্কলন করেছে বিবিএস।

সরকারের এমন হিসাবের বিপরীতে এ সংস্থাটি জুনের সর্বশেষ আভাসে বলছে, শেষ হতে যাওয়া অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ৮ শতাংশে। বিশ্বব্যাংকের ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’ জুন সংস্করণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুধু ‍বাংলাদেশ নয়, ইরান যুদ্ধের ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতেও। বিশ্বব্যাংকের সবশেষ এ প্রতিবেদনে বলা হয়েছে, এ যুদ্ধের ধাক্কায় ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ২.৫ শতাংশে নেমে আসবে, যা কোভিড-১৯ মহামারির পর সবচেয়ে কম। ২০২৫ সালে ২ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এ প্রতিবেদনের জানুয়ারি সংস্করণে বৈশ্বিক প্রবৃদ্ধি ২ দশমিক ৬ শতাংশ হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। সবশেষ সংস্করণে ২০২৬ সালে দক্ষিণ এশিয়ায় ৬ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২০২৫ সালে দক্ষিণ এশিয়ায় ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছিল। আর ২০২৬ সালে ভারতে ৬ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বিশ্ব ব্যাংক। ২০২৫ সালে প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ৭ শতাংশ।

  • আভাস
  • প্রবৃদ্ধি
  • বাংলাদেশ
  • বিশ্বব্যাংক