ফেনীতে ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২, আহত ৮

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে

ফেনীতে এলপিজি সিলিন্ডারবাহী একটি ট্রাকের পেছনে দ্রুতগতির কাভার্ড ভ্যানের ধাক্কায় ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক-সহকারীসহ অন্তত আটজন আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত দুইটার দিকে সদর উপজেলার খাইয়ারা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাক বিকল হয়ে মহাসড়কের পাশে থামিয়ে চালক ও হেলপার চাকা পরিবর্তনের কাজ করছিলেন। এ সময় সেখানে কয়েকজন স্থানীয় লোকজন জড়ো হন। হঠাৎ ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পাশে অবস্থানরত লোকজন চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোশাররফ হোসেন তালুকদার জানান, আহত ১০ জনকে হাসপাতালে আনা হলে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহতদের অনেকের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফাজিলপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, নিহতদের মধ্যে জাহাঙ্গীর নামে ৪০ বছর বয়সী একজনের নাম জানা গেলেও অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • আহত
  • কাভার্ড ভ্যান
  • ট্রাক
  • ধাক্কা
  • নিহত
  • ফেনী