চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ যুবকের

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় আলাদা ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার এরশাদপুর ও হাঁপানিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই মেহেদী হাসান।

নিহতরা হলেন আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর গ্রামের মক্তবপাড়ার প্রয়াত খন্দকার এনামুল হকের ছেলে হৃদয় হোসেন (২২) এবং উপজেলার হাঁপানিয়া দক্ষিণপাড়ার প্রয়াত আলীহিম বিশ্বাসের ছেলে আশরাফ আলী (২৭)।

এসআই মেহেদী হাসান বলেন, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মক্তবপাড়ায় মোটরের সাহায্যে পুকুরের পানি নিষ্কাশনের কাজ করছিলেন হৃদয়। হঠাৎ পানি বন্ধ হয়ে যাওয়ায় মোটরটি উঁচু করে ধরার চেষ্টা করেন তিনি। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন হৃদয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে আলমডাঙ্গার একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

অপরদিকে সকাল ৭টার দিকে দক্ষিণপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে আশরাফ আলীর মৃত্যু হয়।

এসআই মেহেদী হাসান বলেন, সকালে বসতঘরের ছাদে ‘বিচালি বিছানোর’ কাজ করছিলেন আশরাফ। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার পায়ে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে তিনি ছাদ থেকে নিচে পড়ে আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

 

  • চুয়াডাঙ্গা
  • বিদ্যুৎস্পৃষ্ট
  • মৃত্যু