বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উপলক্ষে প্রধানমন্ত্রীর দরবার কর্মসূচিতে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গত শুক্রবার তিন আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার তিনজন হলেন গাজীপুর নগরের সামান্তাপুর গ্রামের আফাজ উদ্দিন সরকারের ছেলে রায়হান উদ্দিন সরকার, সামন্তপুর এলাকার ইউনুস আলীর ছেলে আশরাফুল আলম ও নগরের নহরীর পাড় এলাকার ইউনুস আলীর ছেলে শাকিল আহমেদ। তারা সবাই ইয়ুথ লিডারশিপ কোর্সের প্রশিক্ষণার্থী ও নিজ নিজ এলাকার টিডিপি দলনেতা ছিলেন। এ ঘটনায় গত বৃহস্পতিবার আনসার ও ভিডিপির অ্যাডজুট্যান্ট মাসুদ হাসান বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন।
মামলার বাদী মাসুদ হাসান বলেন, সমাবেশকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে কালিয়াকৈর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার কর্মকর্তা সহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার তিন আসামিকে গতকাল বিকেলে আদালতে হাজির করলে দায় স্বীকার করে ১৬৪ ধারায় তাঁরা জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠানো হয়।
