৫ বছরের সন্তানকে ২২ তলা থেকে ফেলে দিলেন মা

লেখক: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে ৫ বছর বয়সি কন্যাসন্তানকে ২২ তলা উঁচু ভবন থেকে নিচে ছুঁড়ে ফেলে নিজে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক ভারতীয় প্রবাসী নারী। শারজাহর আল নাহদা এলাকার একটি আবাসিক ভবনে গত বুধবার (২০ মে) সকাল সোয়া ৭টার দিকে এই ভয়াবহ ঘটনাটি ঘটে।

ঘটনার সময় প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, ৩৫ বছর বয়সি ওই মা প্রথমে তার সন্তানকে ১৫ তলার ব্যালকনি থেকে নিচে ফেলে দেন এবং তার পরপরই নিজে লাফ দেন। ভবনটিতে ছয় তলার পার্কিং স্পেস এবং জিমনেশিয়ামের বাড়তি তলা থাকায় তারা মূলত ভূপৃষ্ঠ থেকে ২২ তলা উচ্চতা সমপরিমাণ ওপর থেকে নিচে আছড়ে পড়েন।

তদন্তের অংশ হিসেবে পুলিশ মৃত নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে। তিনি সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি এয়ারক্রাফট রিসোর্স অ্যালোকেশন অফিসার হিসেবে কর্মরত আছেন।
পুলিশ জানিয়েছে, ভারতের কেরালা থেকে আসা এই দম্পতি দীর্ঘ ১২ বছর ধরে বিবাহিত এবং গত সাত বছর ধরে তারা এই অ্যাপার্টমেন্টেই বসবাস করছিলেন।

নিরাপত্তাকর্মী জানান, জিজ্ঞাসাবাদের সময় স্বামী দাবি করেছেন যে তার স্ত্রী বেশ কিছুদিন ধরে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। এছাড়া প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার আগের দিনও পারিবারিক কলহের জেরে ওই বাসায় পুলিশ এসেছিল।

শারজাহ পুলিশ ঘটনাটিকে প্রাথমিকভাবে আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করেছে এবং পরবর্তী আইনগত পদক্ষেপ ও বিস্তারিত তদন্তের জন্য মামলাটি পাবলিক প্রসিকিউশনে স্থানান্তর করা হয়েছে।

  • ২২ তলা
  • মা
  • সন্তান