ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৫ ঘন্টা আগে

ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা বাসস্ট্যান্ড এলাকায় যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে দুইজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তারা সবাই মাদারীপুরের মোস্তাকপুর এলাকার বাসিন্দা।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে বিআরটিসির যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধারের কাজ চলছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা। তবে তারা মাদারীপুরের মোস্তাকপুর এলাকা থেকে রোগী নিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল আসার পথে এই ঘটনা ঘটে।

 

  • নিহত
  • ফরিদপুর
  • বাস-অ্যাম্বুলেন্স
  • সংঘর্ষ