কারাগারে অসুস্থ দীপু মনি, চিকিৎসা শেষে ফের কারাগারে

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে
ফাইল ছবি: ডা. দীপু মনি

মুন্সীগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।

এর আগে, রোববার (২৮ জুন) রাত দেড়টার দিকে মুন্সীগঞ্জ জেলা কারাগারে তিনি অসুস্থতাবোধ করলে প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. আরিফুজ্জামান জানান, ডা. দীপু মনি দীর্ঘদিন ধরে কিডনি, থাইরয়েড ও অ্যালার্জিজনিত স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক না হলেও চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, ডা. দীপু মনি আগে থেকেই এসব রোগে আক্রান্ত এবং তার নিয়মিত চেকআপের প্রয়োজন হয়। রোববার রাতে অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। তবে তার অবস্থা গুরুতর নয়। ঢামেকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাকে আবারও মুন্সীগঞ্জ কারাগারে ফিরিয়ে আনা হচ্ছে।

প্রসঙ্গত, চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী এবং প্রথম নারী শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়ের হওয়া একাধিক মামলায় তিনি বর্তমানে কারাবন্দি রয়েছেন।

 

  • অসুস্থ
  • কারাগার
  • ডা. দীপু মনি
  • সাবেক শিক্ষামন্ত্রী