ভারতের নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। দেশটির বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হবে। এরপরই তার স্থলাভিষিক্ত হবেন রাজা সুব্রামানি। শনিবার (৯ মে) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

এর আগে ২০২৪ সালের ১ জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। তারও আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ (জিওসি-ইন-সি) পদে ছিলেন।

সুব্রামানির সামরিক জীবনের শুরু ১৯৮৫ সালের ডিসেম্বরে, ভারতীয় সেনাবাহিনীর অন্যতম পদাতিক রেজিমেন্ট দ্য গারওয়াল রাইফেলসে নবীন অফিসার হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে। দীর্ঘ কর্মজীবনে ভারতের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক কমান্ডের শীর্ষ কর্মকর্তা, স্টাফ ও প্রশিক্ষক পদেও অধিষ্ঠিত হয়েছেন তিনি।

শিক্ষাগত যোগ্যতার দিকে ভারতের ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে স্নাতক সম্পন্ন করার পর যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন।

 

  • নতুন
  • ভারত
  • রাজা সুব্রামানি
  • সেনাপ্রধান