চেক প্রজাতন্ত্রকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেক্সিকো

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে ‘রাউন্ড অব ৩২’ নিশ্চিত করেছে স্বাগতিক মেক্সিকো। বৃহস্পতিবার চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে শতভাগ সাফল্য নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো।

ম্যাচের ৫৫তম মিনিটে আসে কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। মাঝমাঠে একাধিক প্রতিপক্ষকে কাটিয়ে চমৎকার পাস বাড়ান লুইস রোমো। সেই বল ধরে দ্রুত বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে জালে বল জড়ান মাতেও চাভেজ। গোলের সঙ্গে সঙ্গেই মেক্সিকান সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম।

গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো। প্রথম গোলের প্রায় পাঁচ মিনিট পর দলের দ্বিতীয় গোলটি করেন হুলিয়ান কিনোনেস। শেষ দিকে আক্রমণের ধার অব্যাহত রাখে স্বাগতিকরা। যোগ করা সময়ে গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন আলভারো ফিদালগো।

এই জয়ে বিশ্বকাপের ‘এ’ গ্রুপে তিন ম্যাচের তিনটিতেই জয় তুলে নিল মেক্সিকো। একই সঙ্গে চলতি আসরে প্রথম দল হিসেবে গ্রুপ পর্বে শতভাগ সাফল্যের কীর্তি গড়ল তারা। এছাড়া ১৯৯০ সালে এমন কীর্তি গড়েছিল ইতালি। তাদের পর প্রথম স্বাগতিক দেশ হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বের সব ম্যাচ জয়ের নজিরও স্থাপন করল মেক্সিকো। দ্বিতীয়ার্ধের এই দাপুটে পারফরম্যান্স তাদের শিরোপা-স্বপ্নে নতুন মাত্রা যোগ করেছে।

  • চেক প্রজাতন্ত্র
  • বিশ্বকাপ
  • মেক্সিকো