ইঁদুরবাহিত প্রাণঘাতী হান্টাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে এখন বিশ্বজুড়ে জরুরি তৎপরতা শুরু হয়েছে। কারণ আক্রান্ত একটি বিলাসবহুল ক্রুজ জাহাজ থেকে নেমে যাওয়া যাত্রীরা ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ভাইরাসটির সংস্পর্শে শত শত মানুষ এসে থাকতে পারেন বলে উদ্বেগ বাড়ছে।সংক্রমণের ঘটনা সামনে আসায় সতর্ক অবস্থানে রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বৃহস্পতিবার (০৭ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, জাহাজটিতে থাকা হান্টাভাইরাসে আক্রান্ত এক দম্পতি এমন কিছু এলাকায় ভ্রমণ করেছিলেন, যেখানে ভাইরাসটি বহনকারী বিশেষ এক প্রজাতির ইঁদুরের উপস্থিতি ছিল। ওই দম্পতি আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়েতে পাখি পর্যবেক্ষণ সফরে গিয়েছিলেন বলে জানা গেছে।
এমভি হন্ডিয়াস নামের ক্রুজ জাহাজটি শনিবার থেকে আন্তর্জাতিক স্বাস্থ্য আতঙ্কের কেন্দ্রে রয়েছে। জাহাজটিতে বিরল হান্টাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।
এতে বলা হয়, যদিও সাধারণত ইঁদুরের মূত্র, মল ও লালার মাধ্যমে এই রোগ ছড়ায়, তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নিশ্চিত করেছে যে, এই সংক্রমণের জন্য দায়ী ভাইরাসটি হলো হান্টাভাইরাসের বিরল ‘অ্যান্ডিস’ ধরন। এটিই একমাত্র পরিচিত হান্টাভাইরাস, যা মানুষ থেকে মানুষে ছড়াতে পারে বলে ধারণা করা হয়।
এই প্রাদুর্ভাবে ইতিমধ্যে তিনজন মারা গেছেন। তারা হলেন এক ডাচ্ দম্পতি এবং এক জার্মান নাগরিক। জাহাজটিতে এ পর্যন্ত আটটি সন্দেহভাজন ও নিশ্চিত সংক্রমণের ঘটনা শনাক্ত হয়েছে। জাহাজটি আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে আফ্রিকার কেপ ভার্দের উদ্দেশ্যে যাত্রা করে।
