যুক্তরাজ্যে ২ শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় বাংলাদেশি ইমামের ছয় বছরের কারাদণ্ড

লেখক: বিশ্বপরিস্তিতি ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারে শাহ মাসুকুর রশিদ নামে এক বাংলাদেশি ইমামের ছয় বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। ৪৫ বছর বয়সী শাহ মাসুকুর রশিদ গ্লুচেস্টারশায়ারের চেলটেনহাম এলাকার একটি মসজিদে ইমামতি করতেন। পাশাপাশি তিনি শিশুদের কোরআন শিক্ষাও দিতেন।

ওই এলাকার বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কথা বলে জানা গেছে, শাহ মাসুকুর রশিদ সেখানে সক্রিয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বেশ পরিচিত মুখ। গত ৪ জুন গ্লুচেস্টার ক্রাউন কোর্ট তাকে এক শিশুকন্যার ওপর দুটি এবং আরেক শিশুকন্যার ওপর চারটি যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত করে ছয় বছরের কারাদণ্ড দেন। অপরাধগুলো সংঘটিত হয়েছিল ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের জানুয়ারির মধ্যে, যখন তার বয়স ছিল ৩৭ বছর।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, রশিদের অপরাধের বিষয়টি সামনে আসে যখন দুই শিশুকন্যাকে তার সম্পর্কে ‘ক্রিপি’ (ভয়ংকর বা অস্বস্তিকর) মন্তব্য করতে শোনা যায়। পরে তাদের জিজ্ঞাসা করা হলে তারা জানায়, কোরআন শিক্ষার সময় রশিদ তাদের পোশাকের ওপর ও নিচে স্পর্শ করেছিলেন।

তার বিরুদ্ধে আনা অভিযোগে বলা হয়েছে, তিনি স্বেচ্ছাসেবক কোরআন শিক্ষক হিসেবে নিজের অবস্থান ব্যবহার করে শিশুদের পরিবারগুলোর কাছাকাছি আসার সুযোগ পান। পরে সেই সুযোগ কাজে লাগিয়ে তাদের নিজ নিজ বাসায় যৌন নিপীড়ন করেন।

ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের আইনজীবী এলিজাবেথ রাশটন বলেন, রশিদ তার কমিউনিটির মানুষের আস্থার অপব্যবহার করেছেন। তিনি জানতেন, ধর্মীয় শিক্ষক হিসেবে কাজ করলে শিশুদের কাছাকাছি যেতে পারবেন। সেই সুযোগ কাজে লাগিয়ে তিনি শিশুদের যৌন নিপীড়ন করেছেন।

তিনি আরও বলেন, আমি আশা করি, এই রায় একটি স্পষ্ট বার্তা দেবে যে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস অপরাধীদের বিচারের মুখোমুখি করতে এবং নারী ও শিশুদের সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাবে।

  • ইমাম
  • বাংলাদেশি
  • যুক্তরাজ্য
  • যৌন নিপীড়ন
  • শিশু
  • সাজা