পদ্মা নদীতে ভাসছিল বস্তা, খুলতেই বেরিয়ে এলো নারীর মরদেহ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

পাবনার ভাঁড়ারা ইউনিয়নে পদ্মা নদী থেকে হাত বাঁধা এবং গলায় বাজারের ব্যাগ প্যাঁচানো অবস্থায় বস্তাবন্দি একটি মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি

বুধবার (৩ জুন) সকাল ১০টার দিকে সদরের ভাড়ারা ইউনিয়নের বলরামপুর পীরপুরসংলগ্ন পদ্মা নদীর তীর থেকে ভাসমান অবস্থায় এই মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পদ্মার চরে কৃষকেরা কাজে যাওয়ার সময় তীরে ঠেকানো নৌকার পাশে একটি বস্তা ভাসতে দেখতে পান। পরে কৃষকের কাজে ব্যবহৃত কাঁচি দিয়ে বস্তার মুখ খুলে তারা দেখতে পান যে ১৪-১৬ বছর বয়সী একটি মেয়ের মরদেহ। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা বলেন, মঙ্গলবার (২ মে) রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি অজ্ঞাত প্রাইভেট কার আসে। প্রাইভেটকারে চারজন মধ্যবয়সী যুবক ছিলেন। নদীতীর থেকে বলরামপুরের দিকে যেতে প্রাইভেটকারটি হঠাৎ নষ্ট হয়ে যায়। এরপর স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়িটি ঠেলে বলরামপুর মুজিব বাঁধ পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। স্থানীয়রা ধারণা করছেন, ধর্ষণের পর হত্যা করে ওই গাড়িতে করেই মরদেহটি গত রাতে ফেলে গেছে তারা।

পাবনা সদর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। মরদেহটির এখনো পরিচয় পাওয়া যায়নি। কী কারণে হত্যা হয়েছে এটাও জানা যায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

  • নারী
  • পদ্মা নদী
  • মরদেহ