যমুনা সেতুর পূর্ব প্রান্তে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫৭ minutes ago

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রডবোঝাই একটি ট্রাক উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে যমুনা সেতুর পূর্বপাড়ে সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এলেঙ্গা ফায়ার স্টেশনের ইনচার্জ আতাউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রড ও যাত্রীবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। পরে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার পর উদ্ধার কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি বলে জানান গোপালপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব খান বলেন, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উত্তরাঞ্চলমুখী ওই ট্রাকটি হঠাৎ উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

পুলিশের ধারণা, ঈদে ঘরে ফেরা যাত্রীরা বিভিন্ন স্থান থেকে ওই ট্রাকটিতে উঠেছিলেন। নিহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, হতাহতদের সবাই নিম্ন-আয়ের মানুষ। তারা ঈদ উপলক্ষে কম ভাড়ায় ট্রাকবোঝাই রডের ওপর বসে গন্তব্যে যাচ্ছিলেন। ট্রাক উল্টে যাওয়ার পর তারা রডের নিচে চাপা পড়ে মারা যান।

  • ট্রাক
  • নিহত
  • যমুনা সেতু
  • রডবোঝাই