প্রতীকী ছবি
চট্টগ্রামের বোয়ালখালীতে চোর সন্দেহে আটক করে মারধরের ঘটনায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কারখানার দায়িত্বরত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে উপজেলার শাকপুরা মিলিটারি ব্রিজ এলাকার বিসমিল্লাহ ফেব্রিকস লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে কারখানার টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করেন আনুমানিক ৩২ বছর বয়সী ওই যুবক। এ সময় কারখানার লোকজন তাকে আটক করে দড়ি দিয়ে বেঁধে মারধর করে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাত পরিচয়ের এক যুবককে হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়। কারণ হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম বলেন, ভোর চারটার দিকে এক যুবককে চোর সন্দেহে আটক করে মারধরের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
