প্রতীকী ছবি
চট্টগ্রামের রাউজানে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাইন্না পুকুরপাড় এলাকার একটি খোলা মাঠে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে একটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
পুলিশের ধারণা, গরু চুরির সন্দেহে গণপিটুনিতে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়রা এমন কোনো ঘটনার বিষয়ে নিশ্চিত তথ্য দিতে পারেননি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাশের শরীরজুড়ে আঘাতের চিহ্ন ছিল এবং বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছিল।নিহত ব্যক্তির পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।
রাউজান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নিজাম উদ্দিন দেওয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গরু চুরির সন্দেহে কিছু লোক ওই ব্যক্তিকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
