রাজধানীতে বাস দুর্ঘটনায় চারজনের মৃত্যু, আহত ১০

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪৭ minutes ago
প্রতীকী ছবি

রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দা এলাকায় পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দিলে অন্তত চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লাইজু বেগম (৩৮), স্বামী নাম মো. কবির জোমাদ্দার (থানা-মোংলা, জেলা-বাগেরহাট); কবির জমাদ্দার (৪৭), বাবার নাম আ. রশিদ জমাদ্দার (থানা-মোংলা, জেলা-বাগেরহাট); খুশি বেগম (৩৫), বাবার নাম সুলতান ফরাজি (থানা-মোংলা, জেলা-বাগেরহাট) ও মো. রবিউল (২২), বাবার নাম মজিবর (থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) নেসার উদ্দিন গণমাধ্যমকে বলেন, নতুন বাজারের নর্দা এলাকায় সড়কের সঙ্গে একটি বাস কাউন্টার আছে। ওখানের রাস্তায় ভিড় থাকে। পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহনের একটি বাস ওই পথে বেপরোয়া গতিতে আসছিল। নতুন বাজার থেকে উত্তরামুখী সড়ক পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের উপরে বাস উঠিয়ে দেয়। গতি নিয়ন্ত্রণ করতে না পারায় বাসটি বিপরীত লেনের উত্তরা থেকে গুলিস্তানগামী সড়কে থাকা আকাশ পরিবহনের একটি বাসে ধাক্কা দেয়।

তিনি আরও বলেন, গুলিস্তানগামী আকাশ পরিবহনের বাসে যাত্রী ছিল বেশি। আর ইসলাম পরিবহনে যাত্রী ছিল ৫-৭ জন। ইসলাম পরিবহনের বাসের ধাক্কায় আকাশ পরিবহনের বাসটি অনেকটা দূরে ছিটকে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান একজন নারী যাত্রী। পরে কুর্মিটোলা হাসপাতালে আরও দুজনকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট চার যাত্রী নিহত ও অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে কয়েকজন গুরুতর অবস্থায় কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

  • আহত
  • দুর্ঘটনা
  • বাস
  • মৃত্যু
  • রাজধানী