অপহরণের পর যুবককে হত্যা, মাধবপুর থেকে মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

রাজধানী ঢাকায় অপহরণ ও নির্যাতনের পর এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে। পরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া উচ্চবিদ্যালয় থেকে প্রায় ১০০ গজ দূরে মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় ঢাকা মহানগর পুলিশের বাড্ডা থানা ও মাধবপুর থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিহত মো. ফরহাদ হোসেন মাহির (২৩) ঢাকার উত্তরখান থানার চাঁনপাড়া এলাকার আব্দুল আউয়ালের ছেলে। সে ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উত্তরা শাখায় পড়াশোনা করতো।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা ফরহাদকে অপহরণ করে। এরপর তাকে বাড্ডা থানার আফতাবনগরের একটি নির্জন রুমে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বাড্ডা থানায় মামলা করলে পুলিশ মৃদুল সরকার নামে একজনকে গ্রেপ্তার করে। মৃদুল সরকার ফরহাদ হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মৃদুল সরকারকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

  • উদ্ধার
  • মরদেহ
  • মাধবপুর