জাবিতে শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৮ ঘন্টা আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ অজ্ঞাতনামা এক ব্যক্তির বিরুদ্ধে সাভারের আশুলিয়া থানায় মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে এই মামলা করেন।

জাবি প্রশাসনের তথ্য অনুসারে, মঙ্গলবার রাতে পরিত্যক্ত পুরোনো ফজিলাতুন্নেছা হল ও আল বেরুনী হলের বর্ধিত অংশে এই ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের (শিক্ষাবর্ষ ২০২১-২২) ওই শিক্ষার্থীর বরাত দিয়ে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মকর্তারা জানান, রাত ১১টার কিছু পর ওই শিক্ষার্থী ক্যাম্পাসের একটি সড়ক ধরে হাঁটছিলেন। সে সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে শুরু করেন। পরিত্যক্ত ফজিলাতুন্নেছা হলের কাছাকাছি পৌঁছালে ওই ব্যক্তি তার গলায় জালের মতো একটি বস্তু পেঁচিয়ে আল বেরুনী হলের বর্ধিত অংশের পাশের ঝোপে টেনে নিয়ে যান। ওই সময় কয়েকজন শিক্ষার্থী মোটরসাইকেলে ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন। তারা চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যান।

বাংলা বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী সাফিকুল ইসলাম বলেন, ‘চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে আমরা ঝোপের পাশে এক ছাত্রীকে আতঙ্কিত অবস্থায় দেখতে পাই।’

ঘটনার প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হাসান বলেন, আমরা কয়েকজন বাইকে করে পুরাতন ফজিলাতুন্নেছা হল অতিক্রম করার সময় হঠাৎ একজনের চিৎকার শুনতে পাই। আমরা সেখানে গেলে পাশের জঙ্গল থেকে একটা মেয়ে আতঙ্কিত অবস্থায় আসে। তার পায়ে স্যান্ডেল ছিল না। শরীরের বিভিন্ন জায়গায় মাটি, ধুলা লেগে ছিল। আমি জিজ্ঞেস করি, ‘আপু কী সমস্যা?’ তখন ওই শিক্ষার্থী জানান, কেউ একজন তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। আমরা উপস্থিত সবাই তৎক্ষণাৎ জঙ্গলে ঢুকে অভিযুক্তকে খুঁজে বের করার চেষ্টা করি, কিন্তু অন্ধকারে তাকে পাওয়া যায়নি। এরপর আমরা নিরাপত্তা শাখায় ফোন দিই। তারা আসার পরে ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে পাঠানো হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘সিসিটিভি ফুটেজে অভিযুক্ত ব্যক্তির মুখ দেখা যাচ্ছে। আমাদের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন।’

  • অভিযোগ
  • জাবি
  • ধর্ষণচেষ্টা
  • শিক্ষার্থী