ছবি: দিনেশ ত্রিবেদী
ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রে মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দিয়েছে। এর ফলে ভারতের প্রটোকল তালিকায় তিনি উচ্চতর মর্যাদা পাবেন। ভারত সরকারের গত ২৪ জুন জারি করা এক অফিস স্মারকে এ তথ্য জানানো হয়েছে।
স্মারকে বলা হয়, এই মর্যাদা দিনেশ ত্রিবেদীর জন্য ব্যক্তিগতভাবে প্রদান করা হয়েছে। তবে এর ফলে দেশের বিদ্যমান প্রটোকল তালিকায় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এতে আরও বলা হয়, বিশেষ এই মর্যাদা কেবল আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয় অনুষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
স্মারকে উল্লেখ করা হয়, বাংলাদেশে ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে ব্যক্তিগত বিবেচনায় প্রটোকল তালিকায় মন্ত্রিসভার মন্ত্রীর সমমর্যাদা দেওয়া হয়েছে। তবে এ জন্য প্রটোকল তালিকায় কোনো সংশোধন আনা হয়নি। ভারত সরকারের আন্ডার সেক্রেটারি কমলেশ রবিদাস এ আদেশ জারি করেন।
প্রসঙ্গত, প্রটোকল তালিকা হলো রাষ্ট্রীয় ও আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিভিন্ন পদাধিকারী ও বিশিষ্ট ব্যক্তিদের মর্যাদাক্রম নির্ধারণের সরকারি তালিকা।
