প্রতীকী ছবি
ঈদুল আজহাকে ঘিরে ঘরমুখো মানুষের ব্যস্ততার মধ্যেই গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়কে মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় চালক ও এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) বিকেলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত প্রায় ১২টার দিকে পলাশবাড়ী উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের রাইগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার জোদ্ধারপাড়া গ্রামের আব্দুল গফুর আলীর ছেলে আলমগীর হোসেন (২৬) এবং পলাশবাড়ী পৌর এলাকার বাসিন্দা ওসমান গণি (৬০)।
খোঁজ নিয়ে জানা যায়, ঈদ উপলক্ষে ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আলমগীর হোসেন। পথে পলাশবাড়ীর রাইগ্রাম এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি সড়ক পারাপাররত পথচারী ওসমান গণিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুজনই।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই মোটরসাইকেল চালক আলমগীরের মৃত্যু হয়।
অপরদিকে গুরুতর আহত অবস্থায় ওসমান গণিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বলেন, দুর্ঘটনার পর দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই গুরুতর আহত ছিলেন। পরে তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত করা হয়।
