ফরিদপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার-বোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুসহ পাঁচ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।
মঙ্গলবার (২ জুন) ভোর এ দুর্ঘটনা ঘটে। নিহত এবং আহতদের বাড়ি যশোর জেলায় হলেও তাদের নাম পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি শিবচর হাইওয়ে থানা পুলিশ।
পুলিশ জানায়, আজ ভোরে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম আন্ডারপাসের আগে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার-বোঝাই ট্রাকের পিছনে ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকার ধাক্কা মারে। এ সময় প্রাইভেট কারের চালকসহ চারজন ঘটনাস্থলেই নিহত হয়। আর এ ঘটনায় আহত হয় আরও তিনজন।
পুলিশ আরও জানায়, তাদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করা হয়। এদের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাই। সেখান থেকে চারজনের মৃতদেহ এবং তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে এক শিশুকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ওসি মিজানুর রহমান বলেন, আমরা (নিহতদের) পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের মৃতদেহ উদ্ধার ও তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করি। পরে আহতদের হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু ঘটে।
