নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
প্রতীকী ছবি

ঢাকার নবাবগঞ্জে নিখোঁজের সাত দিন পর নারায়ণ সরকার (৫০) নামের এক কাঠমিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার বক্সনগর ইউনিয়নের নিকরা বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। নারায়ণ সরকার উপজেলার বক্সনগর চৌরাহাঁটি এলাকার বাসিন্দা। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকাল ১০টার দিকে এলাকাবাসী বিলের একটি ধানখেতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নারায়ণ সরকারের চাচাতো ভাই বিনয় সরকার বলেন, মাছ ধরতে যাওয়ার সময় বিলের লিজগ্রহীতা নিখিল রাজবংশীর সঙ্গে তার (নারায়ণ) বাগ্‌বিতণ্ডা হয়েছিল। ওই ঘটনার সঙ্গে নিখোঁজ হওয়ার কোনো সম্পর্ক আছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটিতে ২৭ মে ঢাকা থেকে বাড়িতে আসেন নারায়ণ সরকার। পরদিন সকালে চাচাতো ভাই জগদীশ সরকার এবং প্রতিবেশী নিতাই শীল ও পরাণ শীলকে নিয়ে বড়শি দিয়ে মাছ ধরতে নিকরা বিলে যান। দুপুরে অন্যরা বাড়ি ফিরলেও নারায়ণ আর ফেরেননি। পরে পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। ঘটনার চার দিন পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে তার স্ত্রী থানায় অপহরণের মামলা করেন। ওই মামলায় নিখিল রাজবংশী ও জগদীশ সরকার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু হানিফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যার পর লাশটি সেখানে ফেলে রাখা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। অপহরণ মামলার সূত্র ধরে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

  • কাঠমিস্ত্রি
  • নবাবগঞ্জ
  • লাশ