প্রতীকী ছবি
কক্সবাজারের রামুতে ছেলের গুলিতে আহত বৃদ্ধ বাবা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আয়াছ মিয়া (৬৫)। তিনি রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ধেচুয়াপালং তেলখোলা এলাকার বাসিন্দা আমিন মোহাম্মদের ছেলে। অভিযুক্ত তার বড় ছেলে জুবাইর উদ্দীন (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জুন রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক কলহকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে জুবায়ের উদ্দীন বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আয়াছ মিয়া গুরুতর আহত হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় আয়াছ মিয়াকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পরিবার ও স্থানীয়দের দাবি, আয়াছ মিয়া ছেলেকে মাদকাসক্তি ও মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গ ত্যাগ করার জন্য নিষেধ করেছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুমনাথ বসু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা দুই রাউন্ড গুলির শব্দ শুনেছেন বলে জানিয়েছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
