প্রতীকী ছবি
নাটোরের গুরুদাসপুরে জাহেরা বেওয়া (৭৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সোনাবাজু গ্রামের নিজ শয়নকক্ষ থেকে বুধবার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরে বৃহস্পতিবার মরদেহটি ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য খবির উদ্দীন (৫৬) ও হাসেম আলী (৫৭) নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আটক দুজন পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।
