বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

রাজধানীর মুগদার একটি বাসা থেকে তানভীর হোসাইন শুভ (৪৫) নামে বাংলাদেশ ব্যাংকের এক অতিরিক্ত পরিচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) রাতে উত্তর মুগদার আহমদবাগ এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপপরিদর্শক (এসআই) মো. বোরহান উদ্দিন জানান, দুর্গন্ধ বের হওয়ায় স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে বাসার ভেতরে ঝুলন্ত অবস্থায় অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা।

তিনি আরও জানান, শুভর অফিসের সহকর্মী ও স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাদের উপস্থিতিতে উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, তানভীর হোসাইন শুভর বাবার নাম তবারক হোসেন। তাদের পারিবারিক বাসা সেগুনবাগিচায় হলেও তিনি মুগদার ওই বাসায় ভাড়া থাকতেন। প্রাথমিকভাবে জানা গেছে, ঈদের দিন সর্বশেষ তাকে দেখেছিলেন বাড়ির মালিক। এরপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। মঙ্গলবার বাসা থেকে দুর্গন্ধ বের হলে বিষয়টি পুলিশের নজরে আনা হয়।

পুলিশ আরও জানিয়েছে, তানভীর হোসাইন শুভ বিবাহিত ছিলেন। তবে সম্প্রতি তার বিবাহবিচ্ছেদ হয়েছে বলে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

  • অর্ধগলিত
  • উদ্ধার
  • কর্মকর্তা
  • বাংলাদেশ ব্যাংক
  • মরদেহ