প্রতীকী ছবি
ময়মনসিংহের গৌরীপুরে একটি বিল থেকে আলিফ মাহমুদ (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) সকালে উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুমারি গ্রাম এলাকার একটি বিল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলিফ মাহমুদ ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি গাজীপুরে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে স্থানীয় এক কৃষক জমি থেকে বেগুন তুলতে গিয়ে গ্রামের সামনের একটি বিলে এক যুবকের মরদেহ ভাসতে দেখতে পান। পরে তিনি স্থানীয়দের মাধ্যমে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা না গেলেও পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার পরিচয় শনাক্ত করে। পুলিশ ধারণা করছে, বুধবার রাতের কোনো এক সময়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ঘটনাটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
