লক্ষ্মীপুরে আইফোন চুরির অপবাদ দিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যা

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

আইফোন চুরির অপবাদ দিয়ে লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হাসানকে (১৫) ছাত্রাবাসে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী সোনাপুর এলাকার ব্যবসায়ী জিয়াউদ্দিনের ছেলে। সে রামগঞ্জ ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এ ঘটনার জেরে গত  মঙ্গলবার  দুপুরে নিহতের মরদেহ নিয়ে থানা ঘেরাও করেছে স্থানীয় লোকজন। এর আগের রাতে বিক্ষুব্ধ লোকজন প্রতিষ্ঠানের ফটকসহ ভেতরে হামলা ভাঙচুর চালায়।

নাম প্রকাশ না করার শর্তে একাডেমির ছাত্রাবাসের আবাসিক দুজন শিক্ষক জানান, ১৪ জুন কলেজ শাখার এক শিক্ষার্থীর আইফোন হারিয়ে যায়। ৪১৪ নম্বর কক্ষের আবাসিক ছাত্র মেহেদী হাসান ফোনটি চুরি করেছে বলে অপবাদ দেওয়া হয়।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় ফোন হারানো ওই ছাত্রসহ ৯ জন সিনিয়র শিক্ষার্থী মেহেদীকে ৪১৫ নম্বর কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে চুরির স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে মারধর করা হয়। এক পর্যায়ে তার মৃত্যু হয়। ঘটনা ধামাচাপা দিতে মরদেহ ঝুলিয়ে আত্মহত্যার প্রচারণা চালানো হয়।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটি সাত দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

  • আইফোন
  • ছাত্র
  • লক্ষ্মীপুর
  • হত্যা