সাতক্ষীরা সদর উপজেলায় মো. জিন্নাত আলী (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার গোবরদাড়ি গুচ্ছগ্রাম এলাকার একটি ঘের থেকে শনিবার (৯ মে) তার লাশ উদ্ধার করেছে পুলিশ। জিন্নাত আলী গোবরদাড়ি গ্রামের মোহর আলীর ছেলে। শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (অভিযান) সুশান্ত ঘোষ জানান, শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা জিন্নাহকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তাঁর লাশ পাশের একটি ঘেরে ফেলে রেখে যায়। শনিবার সকালে স্থানীয় বাসিন্দারা ঘেরে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, নিহত ব্যক্তির মাথা ও কানের নিচে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী আফরোজা আক্তার বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
