সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না করার নির্দেশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে আসামি হিসেবে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না দেখাতে এবং কোনো ধরনের হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৭ মে) বিচারপতি রাজিক–আল–জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রুলসহ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী কামরুল হক সিদ্দিকী, সাঈদ আহমেদ রাজা, মুস্তাফিজুর রহমান ও মোনায়েম নবী শাহীন।

আইনজীবীরা জানান, গত ১২ মে জুলাই গণঅভ্যুত্থানের সময়ে সংঘটিত দুটি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় বিচারপতি খায়রুল হক হাইকোর্ট থেকে জামিন পান। ওই আদেশের পর তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন যে, সব মামলায় জামিন হওয়ায় তার কারামুক্তিতে আপাতত কোনো আইনি বাধা নেই। তবে এরই মধ্যে রাষ্ট্রপক্ষ সেই জামিন আদেশ স্থগিত চেয়ে গত বুধবার আপিল বিভাগে আবেদন করেছে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পাঁচ মামলায় গত ২৮ এপ্রিল বিচারপতি খায়রুল হকের জামিন বহাল রাখেন আপিল বিভাগ।

মামলার বিবরণে জানা যায়, গত ৮ মার্চ হাইকোর্ট জামিনের বিষয়ে রুল মঞ্জুর করে চার মামলায় খায়রুল হককে জামিন দিয়েছিলেন। এরপর ১১ মার্চ দুদকের মামলায়ও তিনি জামিন পান। রাষ্ট্রপক্ষ এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। পরবর্তীতে যাত্রাবাড়ী থানায় আরিফ ও আদাবর থানায় রুবেল হত্যা মামলায় খায়রুল হককে নতুন করে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে তিনি পুনরায় হাইকোর্টে আবেদন করেন এবং গত ১২ মে ওই দুই মামলায় জামিন পান। বর্তমানে তাঁর বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার হন। এরপর তাঁকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। আজকের হাইকোর্টের আদেশের ফলে সুনির্দিষ্ট নতুন কোনো মামলা ছাড়া তাঁকে আর গ্রেপ্তার বা হয়রানি করা যাবে না।

  • খায়রুল হক
  • সাবেক প্রধান বিচারপতি