স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের মহিষটি কোরবানি হচ্ছে না

লেখক:
প্রকাশ: ১ ঘন্টা আগে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের আলোচিত মহিষটি। পবিত্র ঈ দুল আজহায় অ্যালবিনো জাতের এই মহিষটিকে কোরবানি দেওয়ার কথা ছিল। এর আগে, নারায়ণগঞ্জের খামার থেকে একে কিনেছিলেন কেরানীগঞ্জের এক ক্রেতা।

তবে  বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটিকে খামারে ফেরত নেওয়া হয়েছে। আপাতত সেখানেই একে লালন-পালন করা হবে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, নিরাপত্তাজনিত কারণে মহিষটিকে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে বিকেল ৫টার দিকে রসুলপুর এলাকা থেকে মহিষটিকে আনা হয়। মার্কিন দূতাবাস চায় না যে মহিষটিকে কোরবানি করা হোক।

তিনি আরও জানান, এর ফলে প্রাণীটির মালিক আর এটিকে কোরবানি করতে পারবেন না। মহিষটি সম্পর্কে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

এরপর মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় দেওয়ার বিষয়ে জানা যায়। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেটিকে চিড়িয়াখানায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়।

ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, অ্যালবিনো জাতের এই মহিষ অত্যন্ত বিরল। সংরক্ষণের স্বার্থে ৩ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে মহিষটি মালিকের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। পরে সেটিকে মিরপুর চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে।

প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর সাদা লোম ও চুলের ধরন অনেকের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো মনে হওয়ায় নাম রাখা হয় ‘ডোনাল্ড ট্রাম্প’। ভাইরাল হওয়ার পর মহিষটি দেখতে দূরদূরান্ত থেকে মানুষ খামারে ভিড় করেন। দেশীয় বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।

উল্লেখ্য, এ বছর দেশের বাজারে কোরবানির হাটে যেসকল পশু আলোড়ন তুলেছিল তার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষটি।

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্টের নামে নামকরণের কারণে মহিষটি দেশের গণ্ডি পেরিয়েছে বিদেশি সংবাদমাধ্যমেও শিরোনামে উঠে আসে। এমনকি ইরানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও মহিষটির ছবি পোস্ট করে ট্রাম্পকে ব্যঙ্গ করা হয়। মহিষের ছবি দিয়ে পোস্টে ইরান লিখেছে, ‘আহারে বে চারা! ডোনাল্ড ট্রাম্পের সাথে তুলনা করায় মন খারাপ বাংলাদেশি মহিষের!’

  • ডোনাল্ড ট্রাম্প
  • মহিষ
  • স্বরাষ্ট্রমন্ত্রী