প্রতীকী ছবি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কামালহাট গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ভাতিজার কিলঘুষি ও লাঠির আঘাতে নিয়ামত আলী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বিকাল ৩টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কামালহাট গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, কামালহাট গ্রামের ইরশাদ আলীর দোকান করার জন্য তার চাচা তাকে পাঁচ হাজার টাকা ধার দেন। ওই টাকা চাওয়া নিয়ে এর আগে দুজনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই ঘটনার জেরে মঙ্গলবার দুপুরে ভাতিজা ইরশাদের কাছে পাওনা টাকা ফেরৎ চান নিয়ামত আলী। ক্ষিপ্ত হয়ে ইরশাদ তার চাচাকে কিলঘুষি ও লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কোলাবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ আমির আলী এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পাওয়া পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন।
