ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস খাদে পড়ে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সোমবার (৮ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বইশামোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের মুন্সি আরশ আলী ও শিশু আলিফ, সদর উপজেলার পাইকপাড়ার মৌসুমী দাস, নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সেতু মজুমদারের ছেলে তনয় কুমার মজুমদার। গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, একটি যাত্রীবাহী দিগন্ত পরিবহন বাস মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার পথে বৈশামুড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উলটে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজন যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৩০ জন।

ঘটনাস্থল থেকে সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মোহাম্মদ জানান, বাসটিতে আনুমানিক ৪০জন যাত্রী ছিল। ঘটনাস্থলেই ৪জন নিহত হয়েছেন। আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান।

  • নিহত
  • বাস
  • ব্রাহ্মণবাড়িয়া