ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে সোমবার (৮ জুন) সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসির। ফিলিপাইন সিভিল ডিফেন্স কার্যালয়ের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কার্যালয়ের পরিচালক রদ্রিগো সসমিনা জানান, সকসসারজেন অঞ্চলে ১২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ভূমিকম্পে এই অঞ্চলে আহত হয়েছেন কমপক্ষে ১২৯ জন।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জিএফজেড আরও জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তি।

দেশটির জেনারেল সান্তোস শহরের পুলিশের মাস্টার সার্জেন্ট রবার্ট দাগোন বলেন, অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে। কিছু বাড়িও ধসে পড়েছে।

  • নিহত
  • ফিলিপাইন
  • ভূমিকম্প