ট্রাকচাপায় নিহত ছাত্রদল ও যুবদল নেতা দুজনের

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদলের দুই নেতা মারা গেছেন। নিহতরা হলেন ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ কাদের জিলানী (২৪) এবং ফতুল্লাস্থ কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মাসুম খান (২৬)।  মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের নাসিক ৯ নম্বর ওয়ার্ডস্থ জালকুঁড়ি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহতরা মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জেলা পরিষদ হতে রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করার উদ্দেশে সিদ্ধিরগঞ্জের জালকুঁড়ির দিকে আসছিলেন। চলন্ত পথে সিদ্ধিরগঞ্জের দশপাইপগামী সড়কের ঝুটপট্টি এলাকায় পৌঁছানো মাত্রই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার কাজে নিয়োজিত একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে চাপায় পড়ে যান। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, নিহতরা ছাত্রদল ও যুবদলের নেতা। সংঘর্ষ হওয়া ট্রাকটি জব্দ করা হলেও চালক এখন পর্যন্ত আটক নেই।

  • ছাত্রদল নেতা
  • ট্রাকচাপা
  • নিহত
  • যুবদল নেতা