দুই বন্ধুর বিরুদ্ধে কিশোরকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে

গাইবান্ধা সদরে এক কিশোরকে পুকুরে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই দুই বন্ধুর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের হাওয়া দিঘিতে এ ঘটনা ঘটে। নিহত ওই কিশোরের নাম রাহাত মিয়া (১৬)। সে রামচন্দ্রপুর ইউনিয়নের তরফকাল গ্রামের মকবুল হোসেনের ছেলে। স্থানীয়ভাবে সে ‘গাটু’ নামে পরিচিত। এ ঘটনায় অভিযুক্ত বন্ধুরা হচ্ছে পার্শ্ববর্তী মধ্যপাড়া গ্রামের সাকিব মিয়া (১৫) ও রিফাত মিয়া (১৬) । সাকিব একই এলাকার জবান আলীর ছেলে ও রিফাত সাইদুল ইসলামের ছেলে। ঘটনার পর তারা গা ঢাকা দিয়েছে।

নিহতের পরিবারের অভিযোগ, বিকেল ৫টার দিকে উত্তর হরিণ সিংহা গ্রামের বিশাল হাওয়া দিঘিতে গোসল করতে নামে সাকিব, রিফাত ও রাহাত নামের স্থানীয় ওই তিন কিশোর। গোসলে নেমে তাদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে তর্ক হয়। এক পর্যায়ে সাকিব ও রিফাত দুজনে মিলে রাহাতকে ক্রমাগত পানিতে চুবাতে থাকে। এ ঘটনার এক পর্যায়ে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাহাতকে আনুষ্ঠানিকভাবে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ এসে পরিবারের তাৎক্ষণিক অভিযোগের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন রাতে জানান, ঘটনাটি রহস্যজনক। এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

  • কিশোর
  • গাইবান্ধা
  • হত্যা